|

ইউকেবিডি ডেস্ক :: মুসলিমদের পবিত্র হজ্ব নিয়ে ব্রিটেনে এই প্রথমবারের মতো এক অনন্য সাধারণ প্রদর্শনী হতে যাচ্ছে। আগামী ২৬ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
সৌদি আরবে অবস্থিত মক্কা মুসলিম ধর্মাবলম্বীদের বিশ্বাসের প্রাণকেন্দ্র হিসেবে সমাদৃত। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যমত হিসেবে হজ্বের গুরুত্ব কতটা, সেটি এই প্রদর্শনীতে দেখানো হবে। এছাড়াও মুসলিমদের জন্যে এর গুরুত্ব কতটা এবং এই আধ্যাত্মিক ভ্রমণের ঐতিহাসিক বিকাশ- এসবও প্রদর্শনীতে উঠে আসবে।
কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরির সহায়তায় আয়োজিত এই প্রদর্শনীতে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেয়া হবে। প্রথমত, হাজীদের যাত্রা বিশেষ করে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্য থেকে হজ্বে যেতে হাজীরা যেসব পথকে ব্যবহার করেছেন, দ্বিতীয়ত, বর্তমানকালের হজ্ব এবং এর আনুষঙ্গিক আনুষ্ঠানিকতাসমূহ এবং মক্কার উদ্ভব ও গুরুত্ব।
কুরআনে বলা হয়েছে যে, মুসলিমরা যদি মক্কাভ্রমণের সক্ষমতা রাখে, তাহলে জীবনে একবারের জন্যে হলেও সেখানে যাওয়া তাদের পবিত্র কর্তব্য। ইসলামি বর্ষের শেষ মাস জিলহজ্বে এই হজ্ব অনুষ্ঠিত হয়। মক্কার একেবারে প্রাণকেন্দ্রে কাবার অবস্থান। উচ্চাকৃতির এই ভবনটি নবি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে নির্মাণ করেছেন বলে মুসলিমদের বিশ্বাস। এই মক্কাতেই ৭ম শতকে নবি মুহাম্মদ প্রথম প্রত্যাদেশ পান।
একারণেই এই নগরী দীর্ঘদিন ধরে মুসলিমদের আধ্যাত্মিক কেন্দ্র এবং ইসলামের প্রাণকেন্দ্রে পরিগণিত হয়ে আসছে। হজ্বের ইতিহাসের শুরুতে এর যে আনুষ্ঠানিকতা ছিল, আজো তা বহাল আছে। মুসলিমদের মাঝে এটি এক শক্তিশালী বন্ধন তৈরি করছে। পৃথিবীর সকল প্রান্ত থেকে জাতি-বর্ণ নির্বিশেষে মুসলিমরা এখানে ছুটে আসে।
ব্রিটিশ মিউজিয়ামে তিন স্তরের প্রদর্শনীর মধ্য দিয়ে এসব দেখানো হবে। প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। এসময় প্রতিদিন ১০টা থেকে ১৭.৩০ পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনীতে প্রবেশমূল্য ধরা হয়েছে ১২ পাউন্ড। ০২০৭৩২৩৮১৮১ নম্বরে ফোন করে কিংবা অনলাইনে www.britishmuseum.org/hajj সাইটে গিয়ে টিকেট বরাদ্দ দেয়া যাবে।
|