|
স্পোর্টস ডেস্ক :: নিজেদের উদ্বোধনী ম্যাচে রাজসিক জয় পেয়েছে চিটাগং কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র দ্বিতীয় ম্যাচে শুক্রবার তারা ৫৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দুরন্ত রাজশাহীকে।
বিশাল রানের তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে দুরন্ত রাজশাহী। দলীয় শূন্য রানের মাথায় ব্যক্তিগত রানের খাতা খোলার আগে ডোইয়ান ব্রাভোর বলে আউট হন শেন ইরভান। এরপরই একটি ছয় হাঁকিয়ে ব্রাভোকে ভয় পাইয়ে দেন স্বদেশি মারলোন স্যামুয়েলস! কিন্তু নিজেকে সংযত করতে পারেননি স্যামুয়েলস। তার খেসারত দেন একই বোলারের বলে আউট হয়ে।
পরপর দুই ব্যাটসম্যানকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিংস। এরপর আব্দুল রাজ্জাক (২১), জুনায়েদ সিদ্দিক (৪২), কাইসার আব্বাস (৩) ও মুশফিকুর রহিম (২২) ফিরে গেলে জয়ের সুবাদ পেতে শুরু করে মাহমুদউল্লাহর দল। শেষপর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি দুরন্ত। সব উইকেট হারিয়ে ১৫৩ রান করতে সমর্থ হয় তারা।
এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগং কিংসের অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে হাসি মুখে টসে জেতা নেতাকে শুরুতে বিপর্যয় উপহার দেন দুই ওপেনার তামিম ইকবাল ও জহিরুল ইসলাম।
ইনিংসের ২.৩ বলে মোহাম্মদ সামির বলে ক্যাচ আউট হন মারকাটারি ওপেনার তামিম ইকবাল (৩)। তারওপরই ব্যক্তিগত ১১ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন অন্য ওপেনার জহিরুল ইসলাম।
দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া চিটাগং ঘুরে দাঁড়ায় ফিল্ডারদের সৌজন্যে। কারণ তাদের ক্যাচ মিসের মহড়ায় চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি গড়েন জেসন রয় ও নাসির জামশেদ। ফিল্ডারদের ভুলে জুটি ভাঙ্গতে হিমশিম খাচ্ছিলেন দুরন্তের বোলাররা। এ পরিস্থিতিতে দুরন্তকে আনন্দ উপহার দেন স্যামুয়েলস। তার বলে সরাসরি বোল্ড হন জেসন (৪৩)।
জেসনের পর সাজঘরে ফেরেন অর্ধশতক হাঁকানো নাসির জামশেদ। ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ৫৬ রান করেন তিনি। কাইসার আব্বাসের বলে সাব্বির রহমানের তালুবন্দী হন এই ক্রিকেটার। শেষপর্যন্ত দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ (৪৩) ও ডোয়াইন ব্রাভোর (৩৮) ব্যাটিং নৈপুণ্যে চার উইকেট হারিয়ে ২০৬ রান করে চিটাগং কিংস।
চিটাগং কিংস ইনিংস: ২০৬/৪ (ওভার ২০) দুরন্ত রাজশাহী ইনিংস: ১৫৩ (ওভার ১৯.৫) ফল: কিংস ৫৩ রানে জয়ী
|