|
বুধবার, 22 ফেব্রুয়ারী 2012 12:58 |
|
ইউকেবিডি ডেস্ক :: দীর্ঘ ৬৬ দিন পর ফিলিস্তিনের ইসলামি জিহাদ নেতা খাজার আদনান অনশন ভেঙেছেন। ইসরাইল দু'মাসের মধ্যে মুক্তি দিতে সম্মত হওয়ার পর তিনি অনশন ভাঙলেন। গত ডিসেম্বরে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার পর থেকেই তিনি অনশন করে আসছিলেন।
দীর্ঘ দিনের অনশন ধর্মঘটের কারণে তার মৃত্যুর আশংকা দেখা দিয়েছিল। গত ডিসেম্বরে ইসরাইলি বাহিনী পশ্চিমতীর থেকে খাজার আদনানকে আটক করলেও তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করতে পারেনি। ফিলিস্তিনিদেরকে বিনা অপরাধে আটক ও তাদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ জানানোই ছিল খাজার আদনানের অনশন ধর্মঘটের প্রধান উদ্দেশ্য। আগামী ১৭ এপ্রিল তাকে মুক্তি দেয়া হতে পারে। গতকাল (বুধবার) ইসলামি জিহাদ নেতা খাজার আদনানের প্রতি সংহতি প্রকাশ করে গাজা ও পশ্চিমতীরের হাজার হাজার লোক বিক্ষোভ করার পর তাকে মুক্তি দিতে সম্মত হয় ইসরাইল। ফিলিস্তিনি বন্দী অ্যাসোসিয়েশনের মুখপাত্র ওসামা ওয়াহিদি গতকাল বলেছেন, ইসরাইলি কারাগারে আটক খাজার আদনানসহ অন্য বন্দীদের দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। বর্তমানে ইসরাইলি কারাগারে তিনশ'র বেশি ফিলিস্তিনিকে বিনা বিচারে আটক রাখা হয়েছে বলে তিনি জানান। এর আগে ইসলামি হিজাদের মুখপাত্র দাউদ শাহাব বলেছিলেন, খাজার আদনানের কিছু হলে ফিলিস্তিনি সংগ্রামীরা এর প্রতিশোধ নেবে। ইসরাইলি কারাগারে বর্তমানে সাড়ে পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী মানবেতর জীবনযাপন করছে।#
|